প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:১৪ এএম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাছ বিক্রির পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে চলা এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এসময় প্রতিপক্ষের লোকজন চরপাড়া গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি ও ৭-৮টি দোকানে ভাঙচুর চালায়। দুই গ্রামের অন্তত ২০টি বাড়ি-দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সূত্রপাত হয় শৈলকূপার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি ও হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে। মাছ বিক্রির পাওনা টাকা নিয়ে মাইলমারির কয়েকজন যুবকের সঙ্গে চরপাড়ার কয়েকজনের কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি রূপ নেয় সংঘর্ষে।
রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার বিকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. আব্দুর রউফ খান বলেন, ঘটনাস্থলে এখনো পুলিশ ও সেনাবাহিনীর টহল চলছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।