প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:৫৮ পিএম

ঝিনাইদহ সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মিরাজুল ইসলাম (২৫) ও অলিয়ার রহমান (৫০)।
আজ মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী ও মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজুল ইসলাম পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে এবং অলিয়ার রহমান ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ধান কাটার কাজে মাঠে যান মিরাজুল। সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে অন্যরা আশ্রয় নিলেও তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে, অলিয়ার রহমানও সকালে মাঠে ধান গোছাতে যান। বেলা ১১টার দিকে বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকেও উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান বলেন, দুইজনই হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।