প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:২৪ পিএম

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বড় ভাই হাসান মো: নাসির উদ্দিন আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে গন ধোলাইয়ের শিকার হন।
জানা যায়, প্রধান শিক্ষকের ছোট ভাই সহকারী শিক্ষক মোঃ সাইফুজ্জামান কাজল জনৈক ছাত্রীর সাথে অশালীন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জেরে এ ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক হাসান মো: সাইফুজ্জামান কাজল পালিয়ে যেতে সক্ষম হলেও বড় ভাই প্রধান শিক্ষককে গন ধোলাইয়ের পর উত্তেজিত শিক্ষার্থীরা কোটালিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলমের নিকট সোপর্দ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন,মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে গনধোলাই দেয়ার খবর পেয়ে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে আমার হাতে তুলে দিয়েছে। তারা একটি লিখিত অভিযোগও করেছে। তাতে প্রধান শিক্ষকের ভাই সহকারী শিক্ষক হাসান মো: সাইফুজ্জামান কাজল একজন ছাত্রীর সাথে মোবাইল ফোনে অশ্লীল আলাপ করার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ওই শিক্ষার্থীর সার্বিক জীবনযাপন ব্যহত হয়ে পড়েছে বলে উল্লেখ করা আছে।অভিযোগকারীরা ওই শিক্ষক সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে শাস্তির আবেদন করেছে। আমি বিষয়টি নিয়ে কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকের সাথে আলাপ করেছি। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার ব্যাপারে। একই সাথে কোটালিপাড়া উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা শাহাজাহান সিরাজকে চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।