প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৭:৩৪ পিএম

বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বিজিবি -বিএসএফ পতাকা বৈঠকের পর এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ও তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
লালমনিরহাটের পাটগ্রামের ধবলসতী সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পাটগ্রাম ইউনিয়নের বাংলাদেশ -ভারতের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলার সংলগ্ন শুন্যরেখার ভারতীয় চা বাগান দেখতে ও ছবি তোলার সময় মাহফুজ ইসলাম ইমন (১৬) ও সাজেদুল ইসলাম (২২) নামে দুইজনকে ৯৮/গোমতী বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা আটক করে।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬ টার দিকে বাংলাদেশ -ভারতের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলার সংলগ্ন শুন্যরেখার ভারতীয় চা বাগান দেখতে ও ছবি তুলতে গেলে ৯৮/গোমতী বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদেরকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
খবর পেয়ে বর্ডার গার্ড (বিজিবি) ৬১ ( তিস্তা -২) ধবলসতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন বিএসএফ সঙ্গে পতাকা বৈঠকের আহবান জানায়। আজ রাত ২ টার দিকে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বিজিবি -বিএসএফ পতাকা বৈঠকের পর মাহফুজ ইসলাম ও তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দেয় বিএসএফ।
মাহফুজ ইসলাম ও তার মামা সাজেদুল ইসলাম বলেন, বিএসএফ আমাদের ধরে নিয়ে গেলেও কোন ক্ষতি করেনি, পরিবারের কাছে আসতে পেরে আমরা অনেক খুশি। পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও বিজিবিকে ধন্যবাদ জানায় এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কে পতাকা বৈঠকের আহবানে জানালে সাড়া দিয়ে বিএসএফ হেফাজতে থাকা এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ও তার মামা সাজেদুল ইসলামকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে রাতে ফেরত দিয়েছে।