প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৬:১৭ পিএম

দেশব্যাপী কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বিকাল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হলে গ্যালারিতে থাকা হাজারো শিশু-কিশোর করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।
সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় অনুষ্ঠিত বালকদের ফুটবল ফাইনালে সিলেট অঞ্চল ২-০ গোলে ময়মনসিংহ অঞ্চলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। পরে বালিকাদের ফুটবল ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে প্রথমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে গ্যালারির সামনে গিয়ে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। খেলা শুরুর পর তিনি কিছু সময় ভিআইপি গ্যালারিতে অবস্থান করেন এবং পরে মাঠের পাশে গিয়ে খেলা উপভোগ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং খেলাধুলায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে গত ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ শুরু হয়। সেদিন সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আয়োজকদের তথ্যমতে, আঞ্চলিক পর্যায়ে জেলা ও উপজেলা থেকে প্রায় এক লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে বাছাই শেষে সেরা প্রতিযোগীরা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর।
জ/উ