প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৪১ এএম আপডেট: ২৩.০৭.২০২৬ ১২:৩৩ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনাল-২-এ আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করবে প্রসিকিউশন। এর আগে, গত ২১ জুলাই মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছিল।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর আবেদন করা হয়। তবে মোজাফফরের সঙ্গে তার যোগসাজশের অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত নতুন তারিখ নির্ধারণ করেননি। এ কারণে তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
জ/উ