প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ২২.০৭.২০২৬ ৫:০৪ পিএম

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের প্রেক্ষাপট পর্যালোচনা করা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চলতি বছর সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জ/উ