প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম আপডেট: ১৯.০৭.২০২৬ ৯:০৬ পিএম

নারী মরদেহের ময়নাতদন্তের জন্য দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। পরে তিনি জানান, দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়েছে। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে একই দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছিলেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন।
আবেদনে বলা হয়, ইসলামসহ বিভিন্ন ধর্মে নারীর মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও নারী মরদেহে পুরুষের স্পর্শ বা উপস্থিতি অনেক পরিবারের জন্য সংবেদনশীল বিষয়। অতীতে মৃত নারীর মরদেহের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। নারী ডোম নিয়োগ করা হলে মরদেহের গোপনীয়তা ও মর্যাদা আরও ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
এতে আরও বলা হয়, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো নারীর মৃত্যু হলে তার পরিবার এমনিতেই শোকাহত থাকে। এ অবস্থায় নারী ডোমের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবার কিছুটা মানসিক স্বস্তি পেতে পারে। পাশাপাশি নারীরা বর্তমানে সব ক্ষেত্রেই দায়িত্ব পালন করছেন, তাই এ পেশায়ও নারী নিয়োগ সময়োপযোগী পদক্ষেপ হবে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, নারী ডোম নিয়োগ ধর্মীয় সংবেদনশীলতা ও বৈষম্য দূর করতে সহায়ক হবে। আধুনিক সমাজের নারী রোগীদের বা মৃতদেহের সুরক্ষা নিশ্চিত করা একটি যুগোপযোগী চাহিদা। মানবাধিকার সনদ অনুযায়ী মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা প্রতি শ্রদ্ধা প্রদর্শন নিশ্চিত করা জরুরি। মর্গে অনেক সময় পুরুষ ডোমের দ্বারা মৃত নারীর শরীরে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে।
জ/উ