
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ বিষয়ে গত রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন-২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন-২০২৩ এবং অন্যান্য প্রযোজ্য আইন ও বিধি-বিধান অনুসরণ বাধ্যতামূলক। তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল ও গৃহীত হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এসব এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লাইসেন্স প্রত্যাহার হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, আকাশ ভ্রমণ লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার কর্পোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড এবং এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেডসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান।
মন্ত্রণালয় জানিয়েছে, বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনানুগ কার্যক্রম নিশ্চিত করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জ/উ