প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:১৭ এএম আপডেট: ২১.০৭.২০২৬ ২:১৬ পিএম

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ের এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হবে।
দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকা গড়ে তোলার লক্ষ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন ডিসিপ্লিন অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে রাজধানীর ছয়টি ভেন্যুতে-মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশনে।
আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সোমবার (২০ জুলাই) ক্রিকেট ইভেন্টের মাধ্যমে মাঠের লড়াই শুরু হয়েছে। মিরপুরে অনুষ্ঠিত বালক বিভাগের খেলায় বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় টসের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। এতে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর এবং খুলনাকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল।
বালিকা বিভাগেও একই কারণে টসের মাধ্যমে ফল নির্ধারিত হয়। রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সিলেট।
জ/উ