ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৫ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো অতীতে যেমন একসঙ্গে ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও একসঙ্গেই থাকবে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তাই আসুন, আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।’

তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনেক বেশি। সে কারণে ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও তা যেন বিভেদের কারণ না হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ। জনগণের সমর্থন বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে রয়েছে। এই সমর্থন অটুট থাকলে আমরা ৩১ দফা কিংবা জুলাই সনদের আলোকে দেশকে আরও এগিয়ে নিতে সক্ষম হব।’

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, আন্দোলনের সময় যাদের রাজপথে দেখা যায়নি, তারা এখন আন্দোলনের কৃতিত্ব দাবি করতে চাইছে। ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষ তাদের চিনতে পারে,’ উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের আস্থা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময় শরিক রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসেই রাষ্ট্র সংস্কারের এই রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল। তাঁর ভাষায়, জনগণ সেই ৩১ দফার পক্ষেই রায় দিয়েছে এবং এটি এখন জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। তাই এর বাস্তবায়নেও সমমনা রাজনৈতিক শক্তিগুলোকে একযোগে কাজ করতে হবে।

সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত চ্যালেঞ্জপূর্ণ অবস্থায় ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতার মধ্যেও সরকার মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। শতভাগ সফল না হলেও জনগণ কিছুটা হলেও এর সুফল পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় পৌঁছে প্রধানমন্ত্রী শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরামসহ বিভিন্ন শরিক দলের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ ৪১টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শরিক দলগুলোর নেতাদের সঙ্গে একই টেবিলে নৈশভোজে অংশ নেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft