প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:২০ পিএম

প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি হাসপাতালে যেন কোনো ভোগান্তি ছাড়াই মানুষ সহজে চিকিৎসা পায় এবং গ্রামের মানুষের চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়।
গতকাল সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এ সময় চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকের শুরুতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অগ্রগতি সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন উদ্যোগ ও অর্জনের তথ্য তুলে ধরেন।
বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়। দায়িত্বে অবহেলার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, মানসম্মত চিকিৎসা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে।
কিডনি রোগীদের চিকিৎসা সহজ করতে জেলা পর্যায়ে বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের নির্দেশনা দেন। এ জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল ও অবকাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করতে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা পরিকল্পনা উপস্থাপন করেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।