প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম

দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের প্রায় পাঁচ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। যৌথ অভিযানে কৃষি আবাদ, অস্থায়ী স্থাপনা ও অবৈধভাবে তৈরি একটি পুকুর অপসারণের পাশাপাশি উদ্ধার হওয়া জমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। দখলমুক্ত এলাকায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নতুন করে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজকান্দি রেঞ্জের আদমপুর বিটের কালিন্জি বসতি এলাকায় বন বিভাগ, উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সংরক্ষিত বনভূমি দখল করে মাল্টা, আনারস, লেবু ও সুপারির বাণিজ্যিক চাষাবাদ চালিয়ে আসছিল। অভিযানে এসব আবাদ উচ্ছেদ করে জমি পুনরুদ্ধার করা হয়।
এ সময় বাঁশ ও পলিথিন দিয়ে নির্মিত দুটি অস্থায়ী ঘর এবং একটি ওয়াচার শেড ভেঙে ফেলা হয়। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে বাঁধ দিয়ে তৈরি করা অবৈধ পুকুরের পাড় কেটে জলপ্রবাহ স্বাভাবিক করা হয়।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, উদ্ধার হওয়া জমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তিনি জানান, দখলমুক্ত এলাকায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বনায়ন করা হবে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নতুন করে দখল ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।