জবির নতুন ক্যাম্পাসের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের ২ কোটি ৯৩ লাখ টাকা জাল কাগজপত্রের মাধ্যমে আত্মসাতের অভিযোগ করেছে একটি ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, প্রকৃত উত্তরাধিকারীদের বঞ্চিত করে প্রতারণার মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ তুলে নেওয়া হয়েছে। তবে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

গত বুধবার বেলা ১১টায় রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের একটি বাসায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কেরানীগঞ্জের মৃত আফতাব উদ্দিনের মেয়ে আমিনা খাতুনসহ অন্যান্য উত্তরাধিকারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল সুমন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণের ২ কোটি ৯৩ লাখ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। প্রকৃত দাবিদারদের পরিবর্তে হারুন ও ইব্রাহিম নামের দুই ব্যক্তি ভুয়া কাগজপত্র ব্যবহার করে ক্ষতিপূরণের অর্থ উত্তোলন করেছেন বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত আফতাব উদ্দিনের প্রকৃত উত্তরাধিকারীদের, বিশেষ করে তার মেয়ে আমিনা খাতুনসহ অন্যান্য ওয়ারিশদের বাদ দিয়ে ক্ষতিপূরণের অর্থ তুলে নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এ ঘটনায় উচ্চ আদালতে রিট এবং সংশ্লিষ্ট দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। তারা আদালতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও তারা কোনো কার্যকর প্রতিকার পাননি। এ কারণে বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এদিকে, এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই এ বিরোধের নিষ্পত্তি নির্ভর করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft