২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:১১ পিএম

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে ইংল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও প্রধান কোচ টমাস টুখেলের প্রতি আস্থা হারাচ্ছে না ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইংল্যান্ড দলের দায়িত্বে থাকবেন জার্মান এই কোচ।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে বিদায় নিতে হয় থ্রি লায়ন্সদের। ম্যাচে টুখেলের বদলি খেলোয়াড় নামানোর কৌশল নিয়ে সমালোচনা উঠলেও তিনি দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছেন। এদিকে এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামও টুখেলের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

টুখেল বলেন, আমাদের চুক্তি ঘরের মাঠের ইউরো ২০২৮ পর্যন্ত রয়েছে এবং আমরা সেটি নিয়েই এগিয়ে যাচ্ছি। যদিও এই মুহূর্তে ভবিষ্যতের কথা ভাবা কঠিন, তবুও আমি সেই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।   

তিনি আরও বলেন, বিশ্বের অনেক বড় ফুটবল শক্তি সেমিফাইনালেও উঠতে পারেনি। তাই শেষ চারে ওঠাটাও একটি অর্জন। যদিও এখন কেউ এসব শুনতে চাইবে না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকেই সর্বোচ্চ প্রত্যাশা করি।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে ১৮ মাসের চুক্তিতে ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন জার্মান কোচ টমাস টুখেল। লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপ জেতানো। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। 

এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেন, ফাইনালের এত কাছে গিয়ে হারাটা হৃদয়বিদারক। খেলোয়াড়, কোচিং স্টাফ ও পুরো দল এই টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যুক্তরাষ্ট্রে উপস্থিত এবং দেশের সমর্থকদেরও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

এদিকে, বিশ্বকাপ অভিযান এখনো শেষ হয়নি ইংল্যান্ডের। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচে জয় পেলে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর, বিশ্বকাপে এটিই হবে ইংল্যান্ডের সেরা ফলাফল। তাই সেমিফাইনালের হতাশা কাটিয়ে ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য থাকবে টুখেলের দলের।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft