প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:১৫ পিএম

“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে স্থানীয় বাসিন্দা, মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা গাছগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ আইনজীবী, সমাজকর্মী সোহেল তানভীর, মেরকুটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সহকারী শিক্ষক বাবুল সরকার, সমাজ সেবক আলী আকবর, ইমরান হোসেন, সাবেক ইউপি সদস্য নাবালক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ সরকার প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনায়নের আওতায় থাকা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার সারাদেশে ২৫ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদুল ইসলামের এ মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তারা শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।