প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে শুধু ফাইনাল নিশ্চিত করাই নয়, সেমিফাইনালের জয়টি বিশ্বকাপ ইতিহাসে একাধিক নতুন রেকর্ডও এনে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। এই সংখ্যায় তারা স্পর্শ করেছে ব্রাজিলকে। কেবল জার্মানি আটবার ফাইনাল খেলে তাদের ওপরে রয়েছে।
একই সঙ্গে ১৯৯০ সালের পর প্রথমবার টানা দুই বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ফাইনালে স্পেনকে হারাতে পারলে ইতালি (১৯৩৪-৩৮) ও ব্রাজিলের (১৯৫৮-৬২) পর মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে লিওনেল স্কালোনির দল।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা আরও একটি অনন্য রেকর্ড গড়েছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে একই আসরে একাধিকবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচজয়ী গোল করেছে তারা।
এছাড়া টানা ১৩ বিশ্বকাপ ম্যাচে দুই বা ততোধিক গোল করার কীর্তিও গড়েছে আর্জেন্টিনা। এর আগে উরুগুয়ের দখলে থাকা টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোলের রেকর্ড ভেঙেছে আলবিসেলেস্তেরা।
ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইটি আরও বিশেষ হতে যাচ্ছে। এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। পাশাপাশি ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর এই প্রথম বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হচ্ছে।
জ/উ