ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, মামলা নেয়নি পুলিশ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল ম্যাচের রেফারিং নিয়ে আপত্তি জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় যান এক তরুণ। তবে বিষয়টি পুলিশের এখতিয়ারের বাইরে হওয়ায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

গতকাল বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিতে যান।

অভিযোগে তিনি বিশ্বকাপ ফুটবলের মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তুলে ফিফা সভাপতি, ম্যাচ রেফারি এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

লিখিত অভিযোগে রাকিব দাবি করেন, ম্যাচ চলাকালে একাধিক সিদ্ধান্ত মিসর দলের বিপক্ষে গেছে, যা তার মতে খেলার ফলাফলে প্রভাব ফেলেছে। এসব ঘটনার কারণে তিনি এবং মিসর সমর্থকদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করেন।

তিনি জানান, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার পাশাপাশি প্রয়োজন হলে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ওই তরুণ লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। অভিযোগের বিষয়টি থানার আইনগত এখতিয়ারের মধ্যে না থাকায় সেটি মামলা হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি। পরে বিষয়টি তাকে বুঝিয়ে বলা হলে তিনি অভিযোগ নিয়ে ফিরে যান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft