সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশনার প্রতিফলন বৃক্ষমেলা উদ্বোধনী আয়োজনে
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৫৭ পিএম

বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর কোনো ছবি ব্যবহার করা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অনেকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি।
বৃহস্পতিবার (৯ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সম্মেলন কেন্দ্রের মূল মঞ্চ ও বিভিন্ন স্থানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন বার্তাসংবলিত প্রায় ২০টি ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এসব ব্যানারে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হলেও প্রধানমন্ত্রীর কোনো ছবি রাখা হয়নি।
সাভার থেকে আসা পরিবেশকর্মী সোলায়মান নিলয় বলেন, সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশনার বাস্তব প্রতিফলন এ আয়োজনের মাধ্যমে দেখা গেছে।
এর আগে গত ৫ জুন প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে। এতে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের কথা বলা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেন, সরকারি আয়োজনে বিষয়ভিত্তিক উপস্থাপনাকে গুরুত্ব দেওয়ার যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, এ আয়োজন তারই প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা রোজা বলেন, বিষয়ভিত্তিক ব্যানার ব্যবহারের ফলে অনুষ্ঠানের মূল বার্তা আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জ/উ