
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান-উপযোগী সক্ষমতা বাড়াতে স্বল্পমেয়াদি ‘সফট স্কিল’ প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের প্রশাসনিক দক্ষতা উন্নয়নে আগামী মাস থেকে ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ চালু করা হবে।
বৃহস্পতিবার হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত প্রশিক্ষণে সফট স্কিল, নৈতিকতা ও মূল্যবোধ, কর্মসংস্থান-উপযোগী দক্ষতা এবং জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণের বিষয়বস্তু চূড়ান্ত করার আগে শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি ও প্রয়োজন নির্ধারণে একটি মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আগামী তিন মাসের মধ্যে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মদক্ষতা, নৈতিকতা ও জীবনঘনিষ্ঠ সক্ষমতা উন্নয়নে এটি একটি সময়োপযোগী উদ্যোগ।
সভায় আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দক্ষতা ও সুশাসন জোরদারে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য দুই দিনব্যাপী ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ আগামী মাসে শুরু হতে পারে। এতে কৌশলগত নেতৃত্ব, বিশ্ববিদ্যালয় পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনাসহ উচ্চশিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
ড. মামুন আহমেদ জানান, এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের অভিজ্ঞ সাবেক উপাচার্যদের আমন্ত্রণ জানানো হবে, যাতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসকরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা ব্যবস্থাপনার আধুনিক দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।
এছাড়া সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের একাডেমিক ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে ইউজিসির কৌশলগত পরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে, যা চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
জ/উ