প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশ করা হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী গণমাধ্যমকে জানান, বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। পাশাপাশি কিছু কারিগরি বিষয়ও নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। এসব কারণেই ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে বড় কোনো জটিলতা না হলে আগামী সপ্তাহেই ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি কিন্ডারগার্টেনের।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
জ/উ