প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:২০ পিএম

বিশ্বের কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান উন্নত করতে পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিকল্পনাহীন শিল্পায়ন ও পরিবেশের ওপর চাপ কমিয়ে একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, পরিবেশ সম্পর্কে অনেক মানুষের পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে। তাই পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে এ বিষয়ে সম্পৃক্ত করা জরুরি।
প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের সরকারি কর্মসূচির কথা পুনর্ব্যক্ত করে বলেন, স্থানীয় পরিবেশ ও মাটির উপযোগী গাছ রোপণে গুরুত্ব দিতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর প্রজাতির পরিবর্তে দেশীয় ও পরিবেশবান্ধব গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণে সাতটি শ্রেণিতে ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত বিশ্বের ১৭৩টি শহরের বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান নিচের দিক থেকে তৃতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
জ/উ