তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিষয়ে আপিল বিভাগের রায়ের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার কী প্রক্রিয়ায় এবং কারা নিয়ে গঠিত হবে, সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত বিষয় স্পষ্ট হবে।

এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট-সংক্রান্ত বিধান পুনর্বহাল হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দীর্ঘদিনের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। ১৯৯৬ সালে বিএনপির উদ্যোগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল।

মন্ত্রী আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে বিএনপি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার অঙ্গীকার থেকেই এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft