প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৩০ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার (৮ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিকালে বঞ্চনা, অবিচার বা প্রতিহিংসার শিকার হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরে জমা দেওয়া আবেদন এবং পূর্বে গঠিত পর্যালোচনা কমিটিতে জমা হওয়া আবেদনগুলো নতুন কমিটি যাচাই-বাছাই করবে।
যেসব কর্মকর্তা এখনো আবেদন করেননি, তারা আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ, দাখিল করা নথিপত্র যাচাই এবং মানবিক বিষয় বিবেচনায় নিয়ে সমাধানের লক্ষ্যে গ্রহণযোগ্য সুপারিশ প্রণয়ন করবে কমিটি।
কমিটির সভাপতি হিসেবে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল, বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। এছাড়া সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটির সভাপতি অতিরিক্ত সদস্য (কো-অপ্ট) অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটিকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এছাড়া ২০ জুলাইয়ের মধ্যে কমিটির সভাপতি ও সদস্যদের নামের তালিকা সেনাসদরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জ/উ