বন্ধ পাটকলে এক হাজার পঞ্চাশ কোটি টাকার নতুন বিনিয়োগ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৫৩ পিএম

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের নরসিংদী ইউনিটের অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডের কাছে লিজ প্রদানসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদকে আধুনিক প্রযুক্তি ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, নতুন এ প্রকল্পে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ হবে। এর মাধ্যমে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার উৎপাদন এবং প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সয়াবিন বীজ প্রক্রিয়াজাত করে ভোজ্যতেল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে প্রকল্পটি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার ব্যবসা পরিচালনার পরিবর্তে দক্ষ বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করছে। দীর্ঘমেয়াদি লিজ, রাজস্ব ভাগাভাগি ও বিভিন্ন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে অধিকাংশ বন্ধ শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম দৃশ্যমান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী জানান, উৎপাদন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি লিজের জন্য নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে ১৪টির লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি পাটকলে উৎপাদন শুরু হয়েছে। এসব কারখানায় প্রায় ৯ হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং প্রতিদিন প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।

তিনি আরও জানান, নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের ৭৭ দশমিক ০২ একর জমির মধ্যে আগে ৩৪ দশমিক ৫০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। সেখানে বর্তমানে দৈনিক প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন জমি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিনিয়োগ সক্ষমতা আরও বাড়বে।

রপ্তানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি, ইউরোপীয় বাজারে চাহিদা হ্রাস এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের পরিবর্তনের প্রভাব থাকলেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ধীরে ধীরে উচ্চমূল্যের ম্যানমেড ফাইবার ও ভ্যালু-অ্যাডেড পণ্য উৎপাদনের দিকে এগোচ্ছে। এ রূপান্তর সম্পন্ন হলে রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ। পর্যায়ক্রমে বিজেএমসি, বিটিএমসি এবং অন্যান্য বন্ধ শিল্পপ্রতিষ্ঠানেও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

জুট অ্যালায়েন্স লিমিটেডের প্রতিনিধি হায়দার জানান, গত দুই বছরে প্রতিষ্ঠানটি প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা ৩৫ টন থেকে ৫০ টনে উন্নীত হয়েছে এবং উৎপাদিত সব পণ্য রপ্তানি করা হচ্ছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসির সহযোগিতায় পরবর্তী ধাপে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগে দৈনিক ৩ হাজার টন সক্ষমতার একটি সিড ক্রাশিং প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প থেকে সয়াবিন তেল ও সয়া মিল উৎপাদনের পাশাপাশি আরও প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft