প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৩০ এএম

টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে চট্টগ্রাম রেলস্টেশনে শত শত যাত্রী অপেক্ষায় রয়েছেন। বুধবার ভোরে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজারের উদ্দেশে আর যাত্রা করতে পারেনি। পরে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যায়।
এদিকে বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেসও ভোর থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে।
এ পরিস্থিতিতে যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেসে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
জ/উ