প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার ঢাকা মেডিকেল পরিদর্শনে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেবেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ আয়োজনকে একটি মিলনমেলা হিসেবে দেখছেন এবং সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।

তাদের মতে, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রীর এ সফর শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন : রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন প্রতিষ্ঠানটির জন্য তাৎপর্যপূর্ণ।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বলেন, প্রধানমন্ত্রীর সফর স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, এ সফর ঢাকা মেডিকেল পরিবারের জন্য গৌরব ও নতুন আশার বার্তা নিয়ে আসবে।

আরও পড়ুন : সংসদে মোবাইল ফোন ব্যবহারে সদস্যদের সতর্ক করলেন স্পিকার

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. বাদশা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।

এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. সাকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এমবিবিএসসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft