প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:২৮ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপকারভোগীদের মাঝে বিভিন্ন সরকারি প্রণোদনা, চেক, সমাজসেবামূলক অনুদান এবং সহায়তাক্রমিক উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং উপকারভোগীদের হাতে সহায়তার চেক ও সামগ্রী তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মো: আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যের সহধর্মিণী অধ্যাপক ডক্টর হাসিনা আফরোজ।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এ দিন সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্যান্সার ও জটিল রোগে আক্রান্ত উপকারভোগীদের মাঝে চিকিৎসা সহায়তার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে শিক্ষা উপকরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও স্থানীয় কৃষকদের মাঝে কৃষি কাজের জন্য উন্নত মানের স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মো: আব্দুস সালাম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা ও সহায়তা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে ইউএনও চন্দন কর সঠিক উপকারভোগীদের কাছে এই প্রণোদনা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন, সহ-সভাপতি ইসমাইল হোসেন, উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপির ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ।
মূল অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি ডা. মো: আব্দুস সালাম হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান ও কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে হরিপুর উপজেলা প্রশাসন।