প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১২:১৭ পিএম

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে খেলনা পিস্তল ও হ্যান্ডকাফসহ রাকীব শেখ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত রাকিব শেখ উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকীব শেখ উপজেলার বনগ্রামে গগণ বালা নামের একজনের বাড়িতে পুলিশের ইউনিফর্ম পরে ঘরে ঢুকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে তার সাথে থাকা খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি ছুরি পাওয়া যায়। পরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকীবকে আটক করে এবং খেলনা পিস্তল,ছুরি ও হ্যান্ডকাফ জব্দ করে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাকিব শেখ নামের একজন ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, পুলিশের ইউনিফর্ম ও একটি ছুরি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করার পর গ্রেফতারকৃত ব্যাক্তিকে আদালতে সোপর্দ করার উদ্যোগ নেয়া হয়েছে।