প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৪০ পিএম

বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা অপ্রদর্শিত অর্থ ব্যাংকে ফিরিয়ে আনা, কালো টাকার প্রবাহ কমানো এবং আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ানো সম্ভব হতে পারে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমানে অনেক মানুষ নগদ অর্থ ব্যাংকের বাইরে সংরক্ষণ করছেন। ফলে বিপুল পরিমাণ অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়ে গেছে। এ পরিস্থিতিতে বড় অঙ্কের নোট সাময়িকভাবে বাতিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দিলে অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি মত দেন।
তিনি প্রস্তাব করেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে জমা দেওয়া অর্থের ক্ষেত্রে বিদ্যমান কর ব্যবস্থার আওতায় বৈধ করার সুযোগ রাখা যেতে পারে। এতে ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে গতিশীলতা আসবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যাংকিং খাত প্রসঙ্গে এ সংসদ সদস্য বলেন, দেশে প্রয়োজনের তুলনায় বেশি ব্যাংক রয়েছে। ব্যাংকিং খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
টাকা পাচার প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের আর্থিক ব্যবস্থায় আস্থা বৃদ্ধি করা জরুরি, যাতে মানুষ দেশের ভেতরেই বিনিয়োগে আগ্রহী হয়। এজন্য দীর্ঘমেয়াদি আর্থিক সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
বাজেট বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে ঘাটতির বাজেট অস্বাভাবিক নয়। সীমিত সময়ের মধ্যে বর্তমান সরকার অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বাজেট প্রণয়ন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
জ/উ