লালমনিরহাটে জমি বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে গার্মেন্টসকর্মী নিহত মা-ভাইসহ আহত ৩, অভিযুক্তরা পলাতক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:১৮ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আব্দুল জলিল (৩৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা, ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। ২৭ জুন শনিবার দুপুরে উপজেলার ধওলাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল ওই গ্রামের আলকেস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিলের সঙ্গে তার চাচা আব্দুর রাজ্জাক, আশরাফ আলী এবং চাচাতো ভাই সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে ফেরার পর বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে।
শনিবার দুপুরে জমির সীমানা ও মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় আব্দুর রাজ্জাক, সাদ্দাম হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলাকারীদের এলোপাতাড়ি লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল জলিল। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা, ভাইসহ আরও তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।