দেবীগঞ্জ বিএডিসি ফার্মে জমির উর্বরতা বৃদ্ধিতে ধইঞ্চার বাম্পার ফলন
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৩৩ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের নতুন বন্দর এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফার্মে এ বছর ধইঞ্চা চাষে বাম্পার ফলন হয়েছে। একসময় অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় থাকা বিস্তীর্ণ জমি এখন সবুজ ধইঞ্চা ক্ষেতে পরিণত হয়েছে।
‎ধইঞ্চা মূলত সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়। এটি বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে সঞ্চিত রাখে, ফলে জমির জৈবগুণ ও উৎপাদনক্ষমতা বৃদ্ধি পায়। গাছ ৪ থেকে ৫ ফুট লম্বা হলে ফুল আসার আগেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। পরে এটি পচে উৎকৃষ্ট জৈব সারে পরিণত হয়।

‎ফার্ম সূত্রে জানা যায়, ২০২১ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের আওতাধীন ৮৬ একর পরিত্যক্ত জমি আবাদে আনা হয়। চলতি মৌসুমে ওই জমিতে ধইঞ্চা চাষ করে আশাতীত ফলন পাওয়া গেছে, যা কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

‎বিএডিসি খামারে উন্নত মানের বীজ আলুর পাশাপাশি ধান, ভুট্টা, সবজি ও অন্যান্য অর্থকরী ফসলের চাষ করা হয়। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, ধইঞ্চা চাষের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তী ফসলের উৎপাদনও বাড়বে।

‎স্থানীয়সূত্রে জানা যায়, একসময় অনাবাদি পড়ে থাকা জমিগুলো এখন সবুজ ফসলে ভরে উঠেছে। এতে যেমন এলাকার সৌন্দর্য বেড়েছে, তেমনি কৃষি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

‎এ বিষয়ে বিএডিসি খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা বলেন, “জমিতে সঠিক ফসল ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে ধইঞ্চা চাষ অত্যন্ত কার্যকর। ধইঞ্চা সবুজ সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করে, ফলে কৃষকরা অধিক ফলন পেতে পারেন। এ বিষয়টি বিবেচনায় রেখেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতোমধ্যে এর সফলতা পেয়েছি।”‎

‎দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাঈম মোর্শেদ বলেন,কৃষিক্ষেত্রে ধৈঞ্চা একটি অত্যন্ত কার্যকরী ও পরিবেশবান্ধব উদ্ভিদ, যা প্রধানত মাটির উর্বরতা বৃদ্ধিতে সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়। এর শিকড় বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে জমা করে এবং গাছের পাতা ও কাণ্ড পচে মাটির জৈব পদার্থের ঘাটতি পূরণ করে ইউরিয়া সারের বিকল্প হিসেবে কাজ করে।

‎তিনি আরও বলেন, ধইঞ্চা চাষ একদিকে যেমন কৃষি জমির  উর্বরা শক্তি বৃদ্ধি করে অন্যদিকে জ্বালানিসহ অন্যভাবেও কৃষকরা উপকৃত হয়। তাই জমির শক্তি বাড়ানোর স্বার্থেই ধইঞ্চা চাষ করা উচিত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft