প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৫৫ এএম

বিশ্বকাপে প্রথমবারের মতো গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছে মেক্সিকো। চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে, গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয় স্বাগতিক মেক্সিকো। 

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকলেও বিরতির পর ঝড় তোলে মেক্সিকো। ৫৫তম মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম আসরে খেলতে নামা ২২ বছর বয়সী মাতেও শ্যাভেজ গোল করে দলকে এগিয়ে দেন। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কুইনোনস। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন আলভারো ফিদালগো।

এই জয়ের মাধ্যমে নিজেদের আগের সেরা গ্রুপ পর্বের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে ‘এল ত্রি’রা । এর আগে, তাদের সেরা অর্জন ছিল ১৯৮৬ ও ২০০২ বিশ্বকাপে দুই জয় ও এক ড্র।

এদিকে, ম্যাচে আরেকটি ইতিহাস গড়েন ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। বিশ্বকাপে মেক্সিকোর হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা পান তিনি। এছাড়া, ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ষষ্ঠ বিশ্বকাপে খেলার বিরল কীর্তি গড়েন গোলরক্ষক গিলের্মো ওচোয়া। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এই তালিকায় যোগ দিলেন তিনি। 

অন্যদিকে, মাত্র এক পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেক প্রজাতন্ত্রকে। আর নকআউট পর্বে নিজেদের প্রতিপক্ষ জানার অপেক্ষায় এখন স্বাগতিক মেক্সিকো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft