প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিং ব্যবস্থা রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২৮ পিএম

প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে ইনহাউস কোচিং কার্যক্রম পরিচালনা এবং এতে শিক্ষকদের সম্মানী নির্ধারণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় সময়ক্ষেপণ কমাতে পরীক্ষা সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। দুই বছরের কোর্স শেষ হওয়ার পর দ্রুত পাবলিক পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এর অংশ হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

আরও পড়ুন : জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় বড় সংস্কারের উদ্যোগ : প্রতিমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে একজন শিক্ষার্থী দীর্ঘ সময় ধরে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় শেষ করে, যা তাদের উৎপাদনশীল সময় নষ্ট করে এবং জাতীয় অর্থনীতির ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ অর্জনে প্রভাব ফেলে। এ কারণে পরীক্ষা ও ফল প্রকাশের সময় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজান ও ঈদসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে নির্ধারিত সিলেবাস সম্পন্ন করেই পরীক্ষা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

নকল ও অনিয়ম প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন আইন অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রমাণিত হলে শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : সেশনজট কমাতে শিক্ষা কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস প্রতিরোধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার মান বজায় রাখতে এবার সারাদেশে একক প্রশ্নপত্র ব্যবস্থা চালু করা হয়েছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরীক্ষকদের প্রশিক্ষণ বাড়ানো, খাতা সংখ্যা সীমিত রাখা এবং স্যাম্পলিংয়ের মাধ্যমে মূল্যায়নের মান পর্যবেক্ষণ করা হবে।

সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft