প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:১১ এএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের সময় নষ্ট কমাতে শিক্ষা কার্যক্রম আরও সমন্বিত করা হচ্ছে এবং সেশনজট এড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার ফল আগামী জুলাই মাসে প্রকাশ করা হবে। পাশাপাশি এইচএসসি পরীক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম সমন্বয় করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২২ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সব ধরনের বৈষম্য দূর করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে শিক্ষক সংকট রয়েছে, সেখানে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে শিক্ষক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও মামলা-সংক্রান্ত জটিলতা ছিল। বর্তমানে এসব সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। হাইস্কুল, এমপিওভুক্ত প্রতিষ্ঠান ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সরকারি কলেজে পিএসসির মাধ্যমে নিয়োগ হওয়ায় কিছুটা সময় লাগলেও তা দ্রুত সম্পন্নের চেষ্টা চলছে।
মন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার, হাইস্কুল ও সরকারি হাইস্কুলে প্রায় ৯ হাজার এবং ইসলামী শিক্ষায় আরও ৯ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. আফতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জ/উ