প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:১২ এএম

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমে আসায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বুধবার সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে পানি সাময়িকভাবে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
তিনি আরও জানান, ডালিয়া পয়েন্টে তিস্তার বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার, যেখানে মঙ্গলবার বিকেলে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার। বর্তমানে পানি কমে স্বাভাবিক অবস্থার নিচে নেমে এসেছে।
পানি কমে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পাউবো জানায়, পানি কমলেও নদী তীরবর্তী এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যাতে যেকোনো সম্ভাব্য ঝুঁকি দ্রুত মোকাবিলা করা যায়।
জ/দি