প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৫৮ এএম

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্থান থেকে পাতলী খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন, পুনঃখননের উদ্বোধনও একই স্থান থেকে করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
এর আগে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে খালটির নাব্যতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় পানি ব্যবস্থাপনার উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টদের আশা।
জ/উ