হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫০ জনের
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৫৮ এএম

চলতি বছরের হজ পালন শেষে এখন পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। একই সময়ে সৌদি আরবে ৫০ জন হজযাত্রীর মৃত্যুর তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল শুক্রবার (১২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে।

বুলেটিন অনুযায়ী, মৃত্যুবরণকারী ৫০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। সর্বশেষ ১১ জুন মদিনায় মারা যান সিলেট সদর উপজেলার বাসিন্দা ৬৭ বছর বয়সী সুলতানা রাজিয়া চৌধুরী, যিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

সৌদি আরবে মৃত্যুবরণকারী বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন রয়েছেন। তাদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১৮ জন হাজি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন ছিলেন।

হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে, ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে এবং তা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft