বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্সে অনলাইন আবেদন শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:১২ পিএম

বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স প্রদান কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে অনলাইনে আবেদন গ্রহণের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড। এর অংশ হিসেবে ১৬তম ব্যাচের বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্সের জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। সম্প্রতি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয়ের অধীন বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে সেবা গ্রহণকারীদের ভোগান্তি কমানো এবং দ্রুত আবেদন নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের প্রথমে অনলাইন পোর্টালে নিবন্ধন সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট সক্রিয় করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনপত্র পূরণ করা যাবে।

লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে বৈধ ট্রেড লাইসেন্স, ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন), করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং লাইসেন্সপ্রাপ্ত বৈদ্যুতিক সুপারভাইজারের সম্মতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এছাড়া পরীক্ষণ যন্ত্রপাতি ক্রয়ের প্রমাণপত্রও সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রে প্রতিষ্ঠানের তথ্য বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সঠিকভাবে উল্লেখ করতে হবে। ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোডের ব্যবস্থাও রাখা হয়েছে। লাইসেন্স ফি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক অথবা ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে। পাশাপাশি নির্ধারিত সেন্টার ফি মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে পরিশোধের সুযোগ রয়েছে।

বোর্ডের পক্ষ থেকে আবেদনকারীদের ‘ফাইনাল সাবমিট’ করার আগে সব তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ চূড়ান্তভাবে আবেদন জমা দেওয়ার পর তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। সফলভাবে আবেদন সম্পন্ন হলে আবেদনকারীরা নিজস্ব ড্যাশবোর্ডে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া প্রয়োজনীয় তথ্য এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের কর্মকর্তারা জানান, অনলাইনভিত্তিক এই উদ্যোগের ফলে লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার গতি আরও বাড়বে। একই সঙ্গে দেশের যেকোনো প্রান্ত থেকে সহজে আবেদন করার সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টদের মতে, এটি সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ কর্মসূচির অংশ, যা প্রযুক্তিনির্ভর জনসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft