প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:১৯ এএম

একদিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
এ ছাড়া চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। সফরের অংশ হিসেবে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এছাড়া কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
জ/দি