ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৪৪ এএম

জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে চট্টগ্রামে হেনস্তা ও মারধরের অভিযোগে এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

গতকাল শুক্রবার (১২ জুন) রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে পৌঁছান নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় পুলিশের একটি অভিযানের মুখোমুখি হন তিনি।

নাঈমের অভিযোগ, এ সময় তাকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরিচয় দেওয়ার পরও অসদাচরণ করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়, যেখানে তিনি হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেন।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট অটোরিকশাটির বিরুদ্ধে চোরাচালান-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে অভিযানের ক্ষেত্রে নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু অসঙ্গতির বিষয় সামনে এসেছে। ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নাঈম হাসানকে থানায় আনার পর তার পরিচয় সম্পর্কে অবগত হন তারা। পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘটনার বিস্তারিত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং অভিযানে অংশ নেওয়া আরও এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

ঘটনাটি নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft