প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:০৩ এএম

দেশে গত মে মাসে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ৭০৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত প্রতিবেদনটি গত ৯ জুন প্রস্তুত করা হয় এবং ১১ জুন অনলাইনে প্রকাশ করা হয়। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৪৮টি দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ২৮০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন।
এছাড়া রাজশাহী বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৭৭ জন নিহত, খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত, বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত, সিলেট বিভাগে ৩৩টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত, রংপুর বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৬ জন নিহত এবং ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন।
মে মাসে সংঘটিত দুর্ঘটনাগুলোতে মোট ৮৯০টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ট্রাক ও কাভার্ডভ্যান, বাস-মিনিবাস, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য।
যানবাহনভিত্তিক হতাহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮৫ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৫৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫০ জন এবং ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন।
বিআরটিএর প্রতিবেদনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জ/উ