বিদ্যুতের দাম বাড়লেও সুরক্ষায় ৬৫% গ্রাহক : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:০৮ পিএম

বিদ্যুতের মূল্য সমন্বয়ের ফলে দেশের সাধারণ ও নিম্নআয়ের গ্রাহকদের বড় অংশকে অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে দেশের প্রায় ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহক মূল্যবৃদ্ধির আওতার বাইরে থাকছেন।

শনিবার (৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয় নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি স্বতন্ত্র ও আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিদ্যুতের মূল্য সমন্বয় করেছে। তবে সরকারের লক্ষ্য ছিল প্রান্তিক ও নিম্নআয়ের মানুষকে সুরক্ষা দেওয়া। এজন্য আবাসিক লাইফ লাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য আগের মূল্যহার বহাল রাখা হয়েছে।

তিনি জানান, এ সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ সাধারণ গ্রাহক বিদ্যুতের বাড়তি ব্যয়ের চাপ থেকে মুক্ত থাকবেন। অন্যদিকে উচ্চ ব্যবহারকারী ও সচ্ছল গ্রাহকদের ক্ষেত্রে নতুন ট্যারিফ কার্যকর হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের প্রেক্ষাপট, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে আমদানিনির্ভর দেশগুলো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। আন্তর্জাতিক বাজারের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারকে মূল্য নির্ধারণ করতে হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে জ্বালানি খাতে পরিকল্পনার ঘাটতি, দুর্নীতি ও অনিয়মের কারণে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে সরকার দীর্ঘমেয়াদে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং জনগণের জন্য সহনীয় মূল্য নিশ্চিত করতে কাজ করছে।

তথ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে এখনও সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। একই সঙ্গে অর্থ পাচার, খেলাপি ঋণ ও অনানুষ্ঠানিক অর্থনীতির নেতিবাচক প্রভাবও সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত রাখতে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে। যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য প্রকাশ করবে এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft