ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:২৬ এএম

ডেঙ্গু প্রতিরোধে আগামী কয়েক দিনের মধ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মশার প্রজননস্থল ধ্বংস এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগটির বিস্তার রোধে সরকার কাজ করছে।

তিনি বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে। বিশেষ করে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি থাকায় আক্রান্তদের রক্তক্ষরণের মতো জটিলতা দেখা দিতে পারে। এ কারণে সবাইকে আগে থেকেই সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তিনি জানান, সাম্প্রতিক জরিপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণ ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উভয় পক্ষ সমানভাবে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft