বিড়াল পালন ও সিজোফ্রেনিয়ার ঝুঁকির মধ্যে সম্পর্কের ইঙ্গিত
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৩১ পিএম

পোষা প্রাণী হিসেবে বিড়াল পালনের সঙ্গে সিজোফ্রেনিয়া-সংশ্লিষ্ট মানসিক রোগের সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে সাম্প্রতিক এক গবেষণায়। তবে গবেষকরা স্পষ্ট করে বলেছেন, এর অর্থ এই নয় যে বিড়াল সরাসরি সিজোফ্রেনিয়ার কারণ। বর্তমানে পাওয়া তথ্য কেবল একটি সম্ভাব্য সম্পর্কের কথা বলছে, কারণ-ফলাফলের নয়।

চিকিৎসাবিষয়ক সাময়িকী সিজোফ্রেনিয়া বুলেটিনে প্রকাশিত এ গবেষণাটি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সেন্টার ফর মেন্টাল হেলথ রিসার্চের গবেষকরা। মনোরোগ বিশেষজ্ঞ জন ম্যাকগ্রার নেতৃত্বে পরিচালিত গবেষণায় গত ৪৪ বছরে ১১টি দেশে সম্পন্ন হওয়া বিভিন্ন গবেষণার ফল বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বিড়ালের সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া-সম্পর্কিত রোগের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। বিভিন্ন প্রভাবক বিবেচনায় নেওয়ার পরও গবেষকরা ঝুঁকি প্রায় দ্বিগুণ হওয়ার ইঙ্গিত পেয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ, যা মানুষের চিন্তা, অনুভূতি ও আচরণে গভীর প্রভাব ফেলে। রোগটির পেছনে জিনগত, পরিবেশগত ও স্নায়ুবৈজ্ঞানিক নানা কারণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় আলোচনায় এসেছে টক্সোপ্লাজমা গণ্ডি নামের একটি পরজীবীর বিষয়ও। সংক্রমিত বিড়ালের মল, অপর্যাপ্তভাবে রান্না করা মাংস কিংবা দূষিত পানির মাধ্যমে এই পরজীবী মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বিজ্ঞানীদের ধারণা, এটি দীর্ঘ সময় স্নায়ুতন্ত্রে অবস্থান করে মস্তিষ্কের কিছু কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

তবে গবেষণার ফল সব ক্ষেত্রে একরকম নয়। কিছু গবেষণায় শৈশবে বিড়ালের সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে পরবর্তী সময়ে মানসিক রোগের ঝুঁকি বেশি দেখা গেলেও, অন্য কিছু গবেষণায় এমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

গবেষকরা বলছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। কারণ অধিকাংশ গবেষণাই পর্যবেক্ষণভিত্তিক এবং সম্ভাব্য অন্যান্য প্রভাবক যথাযথভাবে বিশ্লেষণ করা হয়নি।

তাদের মতে, বিড়াল পালন ও সিজোফ্রেনিয়া-সংশ্লিষ্ট রোগের মধ্যে সম্পর্ক আছে কি না এবং থাকলে তার প্রকৃতি কী- তা নিশ্চিতভাবে জানতে আরও বিস্তৃত ও উচ্চমানের গবেষণা প্রয়োজন। তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft