বিএসএফের ১০ পুশইন অপচেষ্টা ব্যর্থ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:১৭ এএম

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর ১০টি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট ও নেত্রকোনাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের একাধিক চেষ্টা শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিজিবি। বিজিবির কঠোর অবস্থান ও টহল কার্যক্রমের কারণে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কয়েকজন ব্যক্তির বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়। একই এলাকায় একটি প্রিজন ভ্যানে করে কয়েক ডজন ব্যক্তিকে সীমান্তে এনে পুশইনের চেষ্টা চালানো হলেও বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

যশোর, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও পুশইনের প্রস্তুতি এবং বিভিন্ন হোল্ডিং সেন্টারে লোকজন জড়ো করার তথ্য পাওয়ার পর বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে। এতে সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়।

পঞ্চগড় সীমান্তে একজন ব্যক্তিকে পুশইনের পর স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে সিলেট সীমান্তে আটক দুই ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করে আইনানুগ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের বিভিন্ন এলাকায় আরও কয়েকটি সম্ভাব্য পুশইনের তথ্য পাওয়া গেছে। এসব এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি স্পষ্টভাবে জানায়, আন্তর্জাতিক আইন, সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থি কোনো পুশইন প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft