প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:০৯ পিএম

নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ করি স্লোগানে শেরপুরের নকলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সিআইপিআরবি ও ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় এই আয়োজন করে নকলা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রসবজনিত ফিস্টুলা একটি স্পর্শকাতর নারী স্বাস্থ্য সমস্যা। বর্তমানে বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলার সংখ্যা কমলেও এখনও দেশ সম্পুর্নভাবে ফিস্টুলা মুক্ত হয়নি। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল ও সকল মহিলাজনিত ফিস্টুলা রোগীদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার পরিবর্তন আনতে বদ্ধপরিকর
অনুষ্ঠানে নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সিআইপিআরবির জেলা ফিস্টুলা ও এমপিডিএসআর কো-অর্ডিনেটর শারমিনা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবাল সরকার পার্থ, মেডিকেল অফিসার ডা. সাগর সাহা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা নারীদের জন্য একটি জটিল স্বাস্থ্য সমস্যা। সময়মতো দক্ষ স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে এ ধরনের সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, সিআইপিআরবি ও ইউএনএফপিএ এর প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফিস্টুলা রোগী চেনার সহজ উপায়; প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে। সমস্যা শুরু হবে বিলম্বিত প্রসবের পর অথবা তলপেট বা জরায়ুতে অপারেশনের পর।
জ/উ