প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম আপডেট: ০৭.০৭.২০২৬ ৮:১৪ পিএম

জয়পুরহাট পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এরা সবাই অটো রিক্সার যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে একদল আদিবাসী মহিলা বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে পাঁচবিবি গোহাটা অটো স্ট্যান্ডে আসে। এরপর একটি অটো রিক্সায় চড়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল।
প্রতিমধ্যে জয়পুরহাট- হিলি সড়কের বনখুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ১অটোযাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং আহত হয় অটোরিক্সার আরো ৪জন নারী। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে।
জানা যায়, নিহতদের মধ্যে অটোচালক তৌহিদুল ইসলাম তৌহিদের বাড়ি পাঁচবিবি পৌরসভার পশ্চিম বালিঘাটা কাদের পাড়া মহল্লায়।
সে ঐ মহল্লার এনামুল হকের পুত্র এবং অপর নিহত অজ্ঞাত মহিলার বাড়ি একই উপজেলার বীরনগর গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন অপর আহতরা হলেন, পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি।
এছাড়াও আরো আহত ২জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে বলে জানাগেছে।