প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৫৬ পিএম

মাদারীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। জেলায় চলতি মৌসুমে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশুসহ হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ১৪ জন।
আজ শুক্রবার (১৭ মে) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে চলতি মৌসুমে জেলার এই প্রধান সরকারি হাসপাতালে মোট ৩৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতালে ইতোমধ্যে একটি আলাদা ইউনিট খোলা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।
শহরের ইটেরপুল এলাকা থেকে আসা শিশু আরশির দাদা সাঈদ মুন্সি বলেন, হঠাৎ করেই নাতনির কাশি ও বমি শুরু হয়। এরপর শরীরে গুঁড়ি গুঁড়ি দানা দেখা দিলে আতঙ্কিত হয়ে পড়ি। প্রথমে প্রাইভেট হাসপাতালে নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় সদর হাসপাতালে ভর্তি করি। চারদিন চিকিৎসার পর সে এখন কিছুটা সুস্থ।
একই হাসপাতালে ভর্তি থাকা লঞ্চঘাট এলাকার শিশু জোবায়ের মা ইসরাত জাহান বলেন, পাঁচদিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে আছি। গত দুইদিনে কিছুটা উন্নতি হয়েছে। টিকা দেওয়ার পরও মেয়ে হামে আক্রান্ত হওয়ায় প্রথমে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসতে হবে। আক্রান্ত শিশুকে বেশি করে তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। হাম প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে।
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।