সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচিগামী পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাতে বিমানটির সঙ্গে করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর শুরু হয়েছে তল্লাশি ও উদ্ধার অভিযান।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, কেটু এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো উড়োজাহাজটি স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানায়। এরপর করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার (এসিসি) বিমানটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার চেষ্টা করলেও মাত্র তিন মিনিটের মধ্যে এটি রাডার থেকে হারিয়ে যায়।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে অবস্থান করছিল। উড়োজাহাজটিতে পাঁচজন ক্রু ছিলেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা দেখা যায়। এক মিনিটেরও কম সময়ে এটি প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে যায়, এরপর ৩০ সেকেন্ডের মধ্যে আবার প্রায় ৬ হাজার ফুট ওপরে ওঠে। পরে ৩৬ হাজার ৫৫০ ফুট উচ্চতা থেকে দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।
সর্বশেষ রাডার তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১ হাজার ১০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি প্রতি মিনিটে প্রায় ২২ হাজার ৪০০ ফুট গতিতে নিচে নামছিল।
পিএএ জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজ ও এর পাঁচ ক্রুকে খুঁজে বের করতে আরব সাগরে সমন্বিত তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এপি-বিওআই নিবন্ধিত বোয়িং ৭৩৭-৪০০ (বিডিএসএফ) উড়োজাহাজটি ২০২৪ সালে কেটু এয়ারওয়েজের বহরে যুক্ত হয়। ১৯৯৯ সালে এটি প্রথমে যাত্রীবাহী বিমান হিসেবে অ্যারোফ্লটের বহরে যুক্ত হয়েছিল। পরে গারুডা ইন্দোনেশিয়া, টিএনটি এয়ারওয়েজ ও এএসএল এয়ারলাইন্সে পরিচালিত হওয়ার পর ২০১২ সালে এটিকে মালবাহী উড়োজাহাজে রূপান্তর করা হয়।